নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ঐ এলাকার সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে।
দুর্ঘটনা পর গুরুতর আহত অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। শনিবার সকাল ১০টায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে চরএলাহী বাজার থেকে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে তারা দুজনই গুরুতর আহত হন।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা উভয়েই সৌদি আরব প্রবাসী। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করার পর সাগরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রিফাতকে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।



