খাদ্যের মোড়কে এফওপিএল দ্রুত বাস্তবায়নের তাগিদ

প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং’ (এফওপিএল) কার্যকর করে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলেছেন, খাদ্যের মোড়কে সহজবোধ্য ও স্পষ্ট পুষ্টি-সংক্রান্ত তথ্য প্রদর্শন জনস্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও কার্যকর একটি পদ্ধতি। তাই এফওপিএল বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিমালা ও আইনি বাধ্যবাধকতা দ্রুত প্রণয়ন ও কার্যকর করা জরুরি।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত “নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল: গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সকাল ১০টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জানা জনগণের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যে বিদ্যমান ক্ষতিকর উপাদান সহজে চিহ্নিত করার জন্য ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নে সরকার কাজ করছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস। তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় নীতিনির্ধারণী পর্যায়ে এফওপিএল বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় “বাংলাদেশে খাদ্য পরিবেশ, অসংক্রামক রোগ ও এফওপিএল” বিষয়ে সেশন পরিচালনা করেন বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট শামসুন নাহার মহুয়া। “জনস্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেসিতে গণমাধ্যমের ভূমিকা” নিয়ে আলোচনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মঈনুল হাসান সোহেল।

এছাড়া “এফওপিএল বিষয়ক কার্যকর সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেশন পরিচালনা করেন বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন রুশদ।

বক্তারা বলেন, দেশে অসংক্রামক রোগের বিস্তার রোধে জনগণকে খাদ্যপণ্যের পুষ্টিগুণ ও ক্ষতিকর উপাদান সম্পর্কে সচেতন করা জরুরি। আর সে ক্ষেত্রে প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সহজ, দৃশ্যমান ও বোধগম্য তথ্য উপস্থাপনের মাধ্যমে এফওপিএল কার্যকর ভূমিকা রাখতে পারে।

এজন্য নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততা প্রয়োজন বলেও তারা মত দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments