রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন তারা।
অন্যদিকে ‘নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, জনশৃঙ্খলা বিনষ্ট, মিথ্যা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডে’র প্রতিবাদে মহানগর যুবদল নগরীতে বিক্ষোভ-সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে নগরীর রাজপথে বিক্ষোভের পর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করা হয়।
সকালে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে অবস্থান করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ নেতাকর্মীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চলনায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি রফিক আহমেদ ডলার প্রধান অতিথি এবং কেন্দ্রীয় সহসভাপতি মাহামুদুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আব্দুল ওয়াহাব ও ধর্ম সম্পাদক কামরুজ্জামান নান্নু বিশেষ অতিথি ছিলেন।
সমাবেশ শেষে দুপুরে শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক প্রতিবাদ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।



