বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে আহত সুমনের মৃত্যু

রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত সুমন মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে বনানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকার শিশু মেলা স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, পাওনা দুই লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে সুমন মিয়া, তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)-এর সঙ্গে আরিফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তিনজনকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সুমনের মৃত্যু হয়।

নিহত সুমন মিয়া পরিবার নিয়ে মহাখালী টিএনটি কলোনিতে বসবাস করতেন।

এসআই মো. জানে আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সোনিয়ার কাছে আরিফের দুই লাখ টাকা পাওনা ছিল—এমন নয়; বরং সোনিয়াই আরিফের কাছে দুই লাখ টাকা পেতেন। সেই পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments