রাজধানীর উত্তরার আজমপুর রেলগেট এলাকায় চলন্ত দুই ট্রেনের মাঝখানে পড়ে শাহনাজ বেগম (৫৫) নামে এক দিনমজুর নারীর মৃত্যু হয়েছে। কাজ শেষে বাসায় ফেরার পথে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে আজমপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল সুন্দর আলী প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে থানা।
নিহতের ছেলে সুজন জানান, তার মা শাহনাজ বেগম দিনমজুর হিসেবে ডালাইয়ের কাজ করতেন। সোমবার উত্তরা আজমপুর এলাকায় কাজ শেষ করে বাসায় ফেরার পথে আজমপুর রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুদিক থেকে আসা দুটি ট্রেনের মাঝখানে পড়ে যান। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহনাজ বেগমের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। তিনি মৃত মিলন মিয়ার স্ত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে টঙ্গী রেলগেট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



