রাজধানীর বংশালে একটি মোটর পার্টসের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩) দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বংশাল থানাধীন মুকিম বাজার রোডের শিয়া গলি এলাকায় এ ঘটনা ঘটে।
দোকানের কর্মচারী মো. হামিদুল ইসলাম জানান, ভোরে দোকানে গ্যাস লিকেজ থেকে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় দোকানের একটি ভারী বস্তু দেলোয়ার হোসেনের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় নাজমুল হোসেন দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলার ৪ নম্বর ডিহি ইউনিয়নের ডিহি উত্তর গ্রামে। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি বংশাল এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। আহত নাজমুল হোসেন তার খালাতো ভাই।
প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।



