আজিমপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, আটক ২
রাজধানীর আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে সাবলেট বাসার মাত্র এক হাজার টাকা বকেয়া ভাড়া নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মো. স্বপন (৬০) মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকিরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় প্রসাধনী ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, স্বপন তার ভাই রাজা মোহাম্মদ সেলিমের সঙ্গে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে ছয় হাজার টাকা ভাড়ায় সাবলেট থাকতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে এক হাজার টাকা বকেয়া ছিল। এ টাকা পরিশোধকে কেন্দ্র করে রোববার রাতেই বাড়ির মালিকপক্ষের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
নিহতের ভাই রাজা মোহাম্মদ সেলিমের অভিযোগ, বকেয়া টাকা পরিশোধের জন্য চাপ দিলে তিনি দু-এক দিনের মধ্যে তা পরিশোধের আশ্বাস দেন। এতে রিজভী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। পরে সোমবার ভোর প্রায় ৪টার দিকে রিজভী ও তার চাচাতো ভাই রোহান তাদের কক্ষের সামনে এসে আবারও বকেয়া ভাড়া নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন।
সেলিমের ভাষ্য, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর স্বপনকে কিল-ঘুষি মারার পাশাপাশি টেনেহিঁচড়ে কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত রিজভী ও রোহানকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে সামান্য ভাড়ার বিরোধ কীভাবে প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিল, তা খতিয়ে দেখছে তদন্তসংশ্লিষ্টরা।



