দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের, একজন মুন্সীগঞ্জের; একজন হাসপাতালে চিকিৎসাধীন

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের কাছে সামো টাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং অপরজনের বাড়ি মুন্সীগঞ্জে।

প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হাইকমিশনার শাহ আহমেদ শফি এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে সামো টাউনের একটি দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার সময় দোকানের ভেতরে সাতজন বাংলাদেশি ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—নারায়ণগঞ্জ সদর উপজেলার মজির হোসেনের ছেলে মো. ফাহিম, আলী মিয়ার ছেলে আপন আহমেদ, মৃত রশিদ আলীর ছেলে নুর মোহাম্মদ, ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল, মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন এবং মুন্সীগঞ্জের মৃত সালাম বেপারীর ছেলে মো. রাজিক।

বাংলাদেশ হাইকমিশনার শাহ আহমেদ শফি গণমাধ্যমকে জানান, ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের ওই এলাকাটি রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে। ঘটনার বিস্তারিত জানতে তিনি নিজেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকমিশনার শাহ আহমেদ শফি কুইন্সটাউন সফরকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবেন। তিনি নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে খোঁজখবর নেবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া স্থানীয় প্রশাসন ও দক্ষিণ আফ্রিকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ঘটনার সর্বশেষ পরিস্থিতি, তদন্তের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এর আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুন লেগে ফেনীর দাগনভূঞা উপজেলার একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি নিহত হন। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments