প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের ভূতুড়ে বিলের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নগরীর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা নাগরিক পার্টির আহ্বায়ক আল-মামুনসহ জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
তারা অভিযোগ করেন, বাজার সিন্ডিকেটের কারণে বিভিন্ন পণ্যের দাম ইচ্ছামতো বাড়ানো হচ্ছে। পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের অতিরিক্ত ও ভূতুড়ে বিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
নেতারা আরও বলেন, রংপুরের বিভিন্ন এলাকায় গ্রাহকদের অভিযোগ উপেক্ষা করে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। অনেক বাড়িতে অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
স্মারকলিপিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ খাতের অনিয়ম তদন্তের দাবি জানানো হয়।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



