নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ

নতুনদের নিয়ে সরকারের আকার দাঁড়াল ৫২ জনে

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে প্রধানমন্ত্রীসহ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার দাঁড়াল ৫২ জনে। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত আগে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এবার পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হলেন তিনি। হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। ওইদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। পরে মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসে।

এর মধ্যে কায়সার কামাল গত মার্চে ডেপুটি স্পিকারের দায়িত্ব পান। অন্যদিকে গত ১ জুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীর পদটিও শূন্য হয়।

ফলে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার পর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ৫২ জনে।

দপ্তর বণ্টনে রদবদলের আভাস

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদলের অংশ হিসেবে মন্ত্রণালয়গুলোর দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান পেতে পারেন বলে আলোচনা রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বর্তমানে এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

বিমান মন্ত্রণালয়ে আসতে পারে পরিবর্তন

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানমকে অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথের মধ্য দিয়ে সরকারে নতুন রাজনৈতিক সমীকরণ ও দায়িত্ব বণ্টনের একটি নতুন অধ্যায় শুরু হলো। এখন দপ্তর বণ্টনের পরই স্পষ্ট হবে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments