বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, বিয়ের পরই টিসি

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে কলেজের শর্ত

মোবাইল ফোন নিষিদ্ধ

বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। শুধু তাই নয়, কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব শর্তের কথা জানিয়েছে হলি ক্রস কলেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে।’

এ ছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসব শর্তে কারও আপত্তি থাকলে আবেদন না করার জন্যও বলা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও পৃথক শর্ত রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আবেদন শেষে ভর্তিচ্ছুদের সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

হলি ক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments