রাজধানীর কামরাঙ্গীচরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রুহুল আমিন শেখ (২৬) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেলের মধ্যে কামরাঙ্গীচর থানার আলীনগর এলাকার মুক্তিযোদ্ধা শামসুল মিয়ার বাড়ির পঞ্চম তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন শরীয়তপুরের জাজিরা উপজেলার মৃধাকান্দি গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ মাহমুদ নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসার জন্য রুহুল আমিন ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা পরিশোধ করার কথা ছিল। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীর কাছেও তার দেনা ছিল।
পুলিশের এই কর্মকর্তা জানান, ব্যবসায় মন্দার কারণে সময়মতো ঋণের কিস্তি ও অন্যান্য দেনা পরিশোধ করতে পারছিলেন না রুহুল আমিন। এ নিয়ে পাওনাদারদের চাপও ছিল। সব মিলিয়ে মানসিকভাবে চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি জানান, ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। রুহুল আমিনের স্ত্রী প্রায় এক সপ্তাহ আগে বাবার বাড়িতে চলে যান। তার ভাইও ঘটনার সময় বাইরে ছিলেন। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে।
এসআই জিহাদ মাহমুদ নাহিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



