কুড়িগ্রামের ধরলা পাড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ভুটানের প্রতিনিধি দল

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাশে মাধবরাম মৌজায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন তারা।

ভুটানের প্রতিনিধি দলে ছিলেন জিএমসিএ-এর আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়ক উপপরিচালক কালডেন দর্জি, সহযোগী পরিচালক নিম লাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর (বাণিজ্য) দাওয়া শেরিং। এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বেজার কর্মকর্তারা জানান, প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে ভুটানের প্রতিনিধিরা দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগে প্রতিনিধি দলটি সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করে। বুধবার সকালে তারা চিলমারী নৌবন্দরও পরিদর্শন করেন।

মূলত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে চিলমারী নৌবন্দর ও সোনাহাট স্থলবন্দরের যোগাযোগব্যবস্থা এবং দূরত্ব সরেজমিনে পর্যালোচনার উদ্দেশ্যেই প্রতিনিধি দলটি কুড়িগ্রাম সফর করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ থেকে ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বাংলাদেশ সফরকালে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২৮ মার্চ ভুটানের রাজা নিজেই কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মোট ২১৯ একর জমি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৩৩ একর জমি অধিগ্রহণ করে বেজার কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৮৬ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments