ওরা ‘সিক্স গ্যামলার’, জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

রাজশাহী মহানগরীতে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ একটি দল কাশিয়াডাঙ্গা থানার বসতি ভাটার পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুলনপুরের বকুল ওরফে কাশা, গুঁড়িপাড়ার মো. মিঠু, একই এলাকার মো. রানা, মুন্টু শেখ, বসতির ফরমান এবং লক্ষ্মীপুর ভাটাপাড়ার শামসুল আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার বসতি ভাটার পুকুরপাড়ে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক সেট তাস, জুয়া খেলার নগদ ৩ হাজার ৫৭০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মৃত ইউনুস আলীর ছেলে ঘুটু বাবু কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক ঘুটু বাবুর বিরুদ্ধে জুয়া ও মাদক আইনে পৃথক মামলাসহ তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments