বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ এক অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় হরিণের মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। জব্দ করা মাংস ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বোট থেকে প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে হরিণের মাংস ব্যবসার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। মাংস পরিবহনে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।
পরে জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ পাচার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



