জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।



