নোয়াখালীর সদর উপজেলার দাদপুরে জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে গাছ ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে ঐ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে লচি সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির পরিবারের দাবি, প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন কামাল উদ্দিন। তবে পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কামালের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদসহ কয়েকজন। ঈদুল আজহার ছুটিতে তারা লচি সর্দার বাড়ির পেছনে জুয়ার আসর বসান। বিষয়টি জানাজানি হলে ঐ বাড়ির লোকজনের সঙ্গে ফরহাদের বাকবিতণ্ডা হয়। পরে এই নিয়ে আবারও ঝগড়া বাধে।
এক পর্যায়ে ঝগড়ার থামাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা ফরহাদকে মারধর করা হয়। পরে চাচা কামাল ঝগড়া থামাতে গেলে তিনি বেহুশ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



