নাশকতার অভিযোগে এমপিসহ গ্রেফতার ১৪
রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ দিনের মাথায় রাজধানীতে আবারও ঝটিকা মিছিল করেছে। শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঝটিকা মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে। হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়।
এর আগে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলসহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লিজা নামে এক গৃহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সুমন নামে এক যুবলীগের নেতাকে গ্রেফতার করেছে করেছে সিআইডি। তিনি পল্টন ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
ডিবির অভিযানে গ্রেফতারকৃতরা হলো- পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি, পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার, বাউফল উপজেলা শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একেএম খোরশেদ আলম, ঢাকার বংশাল থানার ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো. দেলোয়ার হোসেন বাবলু, উত্তরা পূর্ব ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী এবং মুন্সিগঞ্জের লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
অপরদিকে, তেজগাঁও শিল্পাঞ্চলে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ সাত জনকে আটক করে।
জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শুক্রবার সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দিই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। জুম্মার নামাজের পর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে, আমরা মিছিল করার সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করি। আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি) জিজ্ঞাসাবাদ করছে।
তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা, শেখ হাসিনা, স্লোগান দিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। দুপুর ২টার দিকে হাজার দুয়েক লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে।
তিনি বলেন, বিক্ষোভ মিছিলে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’-এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারী।
মিছিলে বাড্ডা, রামপুরা, তেজগাঁও, গুলশান, ফার্মগেট, কাওরানবাজার এলাকার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেয়। মিছিলে অংশ নেয়া একজন আওয়ামী লীগ নেতা বলেন, “ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নাই, তাইলে আর ঘরে থেকে লাভ কী, এই জন্য মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমে পড়ছি। আজকে উত্তর আওয়ামী লীগের মিছিলে বহু লোক হয়েছে। এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।”
এছাড়া ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, অনেকে আমাকে মিছিলের ছবি পাঠিয়েছে। তবে আজকের ছবি নয়। এটা গত ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।
সূত্র জানায়, আগস্টের তৃতীয় সপ্তাহে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।



