কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৩ দিন নিখোঁজ থাকার পর রাসেল রানা (১৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পরিবারের সদস্যদের খবর দিয়ে তাঁকে বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার-৯৩৬-এর পাশে টহলরত বিজিবি সদস্যরা রাসেলকে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নে তথ্য পাঠানো হয়।

পরবর্তীতে জানা যায়, রাসেল লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাটিয়াডাবা এলাকার কবির উদ্দিনের ছেলে। তিনি গত ১৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। ছেলেকে খুঁজে না পেয়ে তাঁর বাবা লালমনিরহাট সদর থানায় জিডি করেন। পাশাপাশি মোগলহাট বিজিবি ক্যাম্পে রাসেলের ছবি ও জিডির কপি জমা দেন।
শনিবার বিজিবি সদস্যরা পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বাবা কবির উদ্দিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাসেলকে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়।
রাসেলের বাবা কবির উদ্দিন বলেন, ১৩ দিন পর ছেলেকে ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এ জন্য বিজিবি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম জানান, সীমান্ত এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে টহলদল তাঁকে উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তাঁর বাবার কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।



