লালপরী হয়ে রহস্য ছড়াচ্ছেন স্পর্শিয়া

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন রূপে। টুকটুকে লাল সাজ, রহস্যময় চরিত্র আর ভৌতিক আবহ—সব মিলিয়ে নতুন নাটক ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’-এ দর্শকদের চমকে দিতে প্রস্তুত এই অভিনেত্রী। নাটকটিতে স্পর্শিয়াকে দেখা যাবে ‘লালপরী’ চরিত্রে।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

নাটকটি নির্মাণ করেছেন জোবায়ের আবির পিয়াল। এতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। প্রকাশিত ঝলকে লাল সাজে স্পর্শিয়ার উপস্থিতি ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকের। এর সঙ্গে টিজারে থাকা রহস্যময় ও ভৌতিক আবহ তৈরি করেছে বাড়তি কৌতূহল। ফলে নাটকটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

নতুন নাটকের পাশাপাশি আরেকটি আলোচিত কাজের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন স্পর্শিয়া। জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তার ‘স্পর্শ’ চরিত্রটি এরই মধ্যে দর্শকের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছে। প্রায় এক বছর ধরে ধারাবাহিকটির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রিয় এই কাজটির শেষ হয়ে যাওয়ার ভাবনাও আবেগী করে তুলছে তাকে।

স্পর্শিয়ার ভাষায়, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। শুটিংয়ের ব্যস্ততা, আড্ডা, হাসি-ঠাট্টা কিংবা একসঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতিই এখন কাজটি শেষ হওয়ার কথা ভাবলে মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর সুবাদে দীর্ঘ বিরতির পর তৌসিফ মাহবুব ও স্পর্শিয়াকে আবারও একই পর্দায় দেখছেন দর্শক। তাদের জুটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা দেখা যাচ্ছে। তবে পর্দার রসায়নকে বাস্তব জীবনের সম্পর্কের সঙ্গে মেলাতে নারাজ স্পর্শিয়া।

অভিনেত্রীর মতে, দর্শক কোনো জুটিকে পছন্দ করলে সেখান থেকেই নানা মন্তব্য ও গুঞ্জনের জন্ম নেয়। তবে দর্শকের এসব মন্তব্যকে বিরূপভাবে দেখছেন না তিনি। বরং দর্শকের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাকেই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেন।

স্পর্শিয়া বলেন, একটি কাজের পেছনে শিল্পীদের অনেক শ্রম থাকে। দর্শকের গ্রহণযোগ্যতা সেই শ্রমের স্বীকৃতি। মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে অভিনয়ের বাইরে নতুন কয়েকটি কাজের প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন স্পর্শিয়া। চলছে কয়েকটি নাটকের প্রি-প্রোডাকশনের কাজ। পাশাপাশি তার অভিনীত চলচ্চিত্র ‘মানুষের বাগান’ জায়গা করে নিয়েছে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

নতুন নাটকে রহস্যময় ‘লালপরী’, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আলোচিত চরিত্র এবং চলচ্চিত্রে নতুন অর্জন—সব মিলিয়ে সময়টা বেশ ব্যস্ততায় কাটছে অর্চিতা স্পর্শিয়ার। ক্যারিয়ারের এই ব্যস্ত সময়েই একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments