তিন দফা দাবিতে পল্টন মোড় অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকাল পাঁচটার দিকে তারা সড়ক অবরোধ করে। অবরোধ ও সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিষদের নেতা-কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
জানা গেছে, তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের কর্মীরা। দাবিগুলো হল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করা। এক পর্যায়ে নেতা-কর্মীরা সেখানে টায়ার জ্বালিয়ে দিয়ে বিক্ষোভ করে। এরপর তাদের মধ্য থেকে কয়েকজন বক্তব্য রাখেন।
গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ নেতা আবু হানিফ জানান, ‘সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’
এসময় পল্টন মোড় হয়ে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প সড়ক দিয়ে যানবাহনগুলো চলাচল করে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
সন্ধ্যার দিকে পল্টন থানার ওসি নাজিমুল আমিন বলেন, গণঅধিকার পরিষদের নেতারা তিন দফা দাবি জানিয়ে বক্তব্য দেয়ার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে স্থান ত্যাগ করে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের মারধরে নুর মাথায় আঘাত পান, তার চোয়াল ও নাক ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।



