নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ

আগামী নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলেও কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে এসপি পদে পদায়ন করা হবে। ডিসি নিয়োগ কীভাবে করা হবে- জানতে চাইলে মৃদু হেসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, কখনো কোনোদিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।
তিনি আরও বলেন, এখন হলো অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিটলিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে, সামনে আরও হবে। যেখানে স্ট্যাবল আছে যেমন যুগ্ম সচিব অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম সচিবদের তুলে আনব। সেই সব জায়গায় ডিসিদের রিপ্লেস করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডিসিরা প্রমাণ করেছেন, পুলিশের সহযোগিতা নিয়ে মাঠ প্রশাসন কীভাবে সামলেছেন তারা।
মোখলেস উর রহমান বলেন, ইউএনওরা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এরপর হলো ডিসি। ডিসি নিয়োগ করার জন্য আমাদের জনপ্রশাসন সংক্রান্ত সাত সদস্যের একটি কমিটি আছে। এছাড়া ডিসি সিলেকশন কমিটি আছে পাঁচ সদস্যের, ডিসি ফিট লিস্ট হয়। ফিট লিস্টের পর কমিটিতে সেটা তোলা হয়। সেখান থেকে দেখে ডিসি পোস্টিং হয়। সেটা প্রধান উপদেষ্টা অনুমোদন করেন। এরপর সেটা জনপ্রশাসনে আসে, আমরা প্রজ্ঞাপন জারি করে দেই। এটা জনপ্রশাসনের একক কাজ নয়। অনেকের ধারণা, এটার শুরু শেষ মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তা নয়। আমরা প্রক্রিয়ার একটা অংশ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, নির্বাচন সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সেই দিনটা ভালো হবে কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, ইউএনওদের বদলিটা করেন বিভাগীয় কমিশনার। নির্বাচনের সময় একটা বড় ধরনের রদবদল হয়। সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে কারও বলার কিছু থাকবে না, তদবির থাকবে না। যাকে যেখানে দেওয়া হবে, সেখানে সে যেতে বাধ্য
নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এছাড়া আরও দুই হাজার জনকে এসআই হিসেবে পদোন্নতি দেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, ৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম। বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, ওনারা করে দিচ্ছে। এতে আমাদের নিয়োগের পথটা একটু সুগম হলো।
এই নিয়োগ আগামী নির্বাচনকে সামনে রেখে দেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আপনারা জানেন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশকিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোই আসলে আমরা ওয়ার্কআউট করছি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পদগুলো (এএসআই-সহ যেসব পদে নিয়োগ হচ্ছে) সৃজন করেছি। এখন এই পদে নিয়োগের ক্ষেত্রে কিছু বিধিমালা ছিল, সেগুলো কিছু কিছু জায়গায় সংশোধন হয়েছে। নির্বাচনের মাঠে প্রথম যে বাহিনী থাকে সেটি পুলিশ, আনসারও থাকে।
জনপ্রশাসন সচিব আরও বলেন, পুলিশের একদিকে নিয়োগ, অন্যদিকে ট্রেনিং চলছে। সিপাহি এবং আরেকটু ওপরে পর্যন্ত পুলিশ সুপাররাই নিয়োগ করে থাকেন। সেগুলো চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন এ বাহিনী প্রস্তুত হতে পারে সেই কাজটি আমরা গতিশীল করলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments