বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীনুল ইসলামের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী বিএফআইইউ প্রধানের পদে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এবং তার বিরুদ্ধে অভ্যন্তরিন তদন্ত করা হয়। এর পর গতকাল তার বিষয়ে নিয়োগ বাতিলের সিন্ধান্ত আসলো।



