প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছর বাংলাদেশে ছাত্রদের বিক্ষোভের মুখে শেখ হাসিনার পতনকে ভারত পছন্দ করেনি। এ কারণে বর্তমানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে সমস্যা চলছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া সোসাইটির সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কিউং-ওয়া কাং।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস সার্কের (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা বলেছেন, যেখানে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য একটি সেতু হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমাদের এখন ভারতের সঙ্গে সম্পর্কে সমস্যা আছে কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি।
বার্তা সংস্থা ইউএনবি’র এক খবরে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস বলেন, তারা (ভারত) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি করেছে। এছাড়াও সেখান থেকে প্রচুর ভুয়া খবর আসছে। এটি খুবই খারাপ জিনিস। ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে এটি একটি ইসলামপন্থী আন্দোলন। তারা এমনকি বলেছে, আমিও একজন তালেবান। আমার দাঁড়ি নেই। আমি এটা বাড়িতে রেখে এসেছি।
আঞ্চলিক অর্থনীতি সম্পর্কে কথা বলতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আপনাদের বাংলাদেশের মধ্য দিয়ে যেতে হবে। আপনি বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশ আপনার অঞ্চলে বিনিয়োগ করবে। সার্কের পুরো ধারণা এটাই।



