রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে ঘটেছে এক নজিরবিহীন চুরির ঘটনা। বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাত চোরচক্র বোরকা পরে মলে প্রবেশ করে দোকানের শাটারের তালা কেটে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। জুয়েলার্সের অবস্থান ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, চোরচক্র রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্সে প্রবেশ করে শাটারের তালা ভেঙে ভেতরের স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। সিআইডির টিমও ঘটনাস্থলে তদন্ত করছে। এ ঘটনায় জড়িত কাউকে গতকাল পর্যন্ত পুলিশ গ্রেফতার করা যায়নি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে, দু’জন চোর বোরকা পরে ফরচুন শপিং মলে ঢুকে এ চুরি সংঘটিত করে। ফুটেজে দেখা যায়, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের তালা কেটে ঢোকে এবং কিছুক্ষণের মধ্যেই স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।
গ্রিল ভেঙে ভেতরে ঢোকে : পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানিয়েছেন, শপিং মলের সামনে নিরাপত্তাকর্মীরা দায়িত্বরত ছিলেন। বুধবার রাতে মার্কেট বন্ধ করে দোকানমালিক-কর্মচারীরা বাসায় চলে যান। এরপরই চোর শপিং মলের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে।
দোকানের মালিক যা বলেন : দোকানের মালিক অচিন্ত্য বিশ্বাস জানিয়েছেন,আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণ ছিল। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব এবং ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া প্রায় ৪০ হাজার টাকা নগদও চুরি হয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ানের ফোন পেয়ে এসে দেখি দোকানে কিছুই নেই। পুলিশ এখনো স্বর্ণের পরিমাণ যাচাই করছে। তবে তারা বলছে, ঘটনাটি বড় ধরনের পরিকল্পিত চুরি। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেফতারে আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ যা দেখা যায় : দুজনই কালো রঙের বোরকা পরা। মুখ ঢাকা দুজনেরই। তাদের সঙ্গে আছে নানা সরঞ্জাম, যা দিয়ে তালা ভাঙা যায়। তাদের কারও পায়ে জুতা নেই। সতর্কতার সঙ্গে গুটিগুটি পায়ে করিডর ধরে এগিয়ে যায় শম্পা জুয়েলার্সের দিকে। জুয়েলার্সের কলাপসিবল গেট দেখিয়ে তারা নিজেদের মধ্যে কিছু বলেন। ঘড়িতে তখন সময় রাত ৩টা ৭ মিনিট। ৯ অক্টোবর ২০২৫। মার্কেটের করিডরে আলো জ্বলছে। সব দোকান বন্ধ। শম্পা জুয়েলার্সের একপাশের কোনায় জায়গাটিতে এসে বোরকা পরা দুজনের সামনের জন থেমে যান। উঁকি দিয়ে এদিক-ওদিক তাকিয়ে দেখেন, কেউ আছে কি না। বোরকা পরা অন্যজনও পরে এদিক-ওদিক তাকিয়ে দেখেন। তারা শম্পা জুয়েলার্সের কলাপসিবল গেটের অবস্থা বোঝার চেষ্টা করেন। আশপাশে ঘোরেন। একপর্যায়ে তারা করিডরের যেদিকে আলো কিছুটা কম, সেদিকে গিয়ে শম্পা জুয়েলার্সের কলাপসিবল গেটের তালা ভাঙার কাজে লেগে পরেন। মাঝে একজন সেখানে থাকা ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ভাঙার চেষ্টা করেন।
এর আগে গত রবিবার ( ৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে ১২৫ ভরি স্বর্ণ ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে রাজধানীতে দুটি বড় স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে।



