ভুয়া ফটোকার্ড এবং অপপ্রচার ছড়ানোর অভিযোগ এনে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এই সাধারণ ডায়রি করেন তিনি। সেখানে তিনটি ফেসবুক আইডির লিংকও যুক্ত করেছেন। পরে থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম।
ভুয়া ফটোকার্ড ছড়ানো নিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আমার নামে ভূয়া ফটোকার্ডে বিভিন্ন উক্তি ছড়ানো হচ্ছে। এজন্য আমি আজ আইনের কাছে আশ্রয় নিয়েছি। আশা করছি ন্যায়বিচার পাব। পাশাপাশি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি বলেন, যেহেতু আমরা প্রতিবাদ জানাচ্ছি, তাই স্পষ্ট করতে চাই যে আমরা কোনো ধরনের শক্তি প্রয়োগ করছি না। আমরা চাই না এই দেশে কোনো জবরদস্তি বা সহিংসতা ঘটুক। আমরা আইন শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে কেবল দৃষ্টি আকর্ষণ করছি যে এ ধরনের অনিয়ম ও নোংরামি নিয়মিতভাবে ঘটে যাচ্ছে।
তিনি আরও বলেন, যেন শুধু আমার ক্ষেত্রে নয়, ভবিষ্যতে কারো ক্ষেত্রেও এ ধরনের অনৈতিক কার্যকলাপ, মিথ্যাচার বা অবৈধ প্রচারণা চালানো না হয়। এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।



