ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের ভালুকজান বাজারে সোমবার রাতেদুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের মধ্যে পুড়ে মারা গেছেন ঘুমন্ত চালক জুলহাস মিয়া। অন্যদিকে রাজধানীতে সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আরও ৪টি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়। এদিকে সোমবার রাতেও রাজধারীর কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীতে ১৭টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে।
আমাদের ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়ীয়া উপজেলা সদেরর ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় বাসের চালক জুলহাস মিয়া আগুনে পুড়ে মারা গেছেন। তার বাড়ী ভালুকজান মাছের আড়তের সাথে বলে জানা গেছে। ঢাকা থেকে ঐ বাসটি ছেড়ে ফুলবাড়ীয়াগিয়েছিল বলে জানিয়েছে শ্রমিকরা।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সাভির্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, কে কারা কারা বাসে আগুন দিয়েছে তা বের করার চেষ্টা চলছে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে।
ঢাকায় ১৭ মামলা, গ্রেপ্তার ৫০ :গত কয়েক দিনে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবারবিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব তথ্য জানান।নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে ডিএমপি কমিশনার বলেন, একটি দল ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুই দিনে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় সূত্রাপুরে ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাÐ ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। একই সঙ্গে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুনে দেওয়া হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোররাতের মধ্যে এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেনবলেন, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে মধ্যরাত ১২টা ৫৪ মিনিটে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নির্বাপণ করে। এতে প্রাথমিকভাবে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এরপর রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। সর্বশেষ গতকাল ভোর ৪টায় উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
রাজশাহীতে পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ :স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনের সড়কে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
এদিকে রাতের আধারে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগরীর শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। তিনি বলেন, ‘রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’ তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।



