প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে দেখা করবেন। সৌজন্য সাক্ষাতে সাধারণত কোনো নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ হতে যাচ্ছে।
আইন উপদেষ্টা উল্লেখ করেন, সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকার যেভাবে সহযোগিতা করেছে, তাতে তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মূলত সেই কৃতজ্ঞতাবোধ এবং পারস্পরিক সৌজন্যবোধ থেকেই এই সাক্ষাতের আয়োজন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবার একান্তে বৈঠক করেন তারেক রহমান। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।
গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয় শোকার্ত তারেক রহমানের। প্রধান উপদেষ্টা সেদিন তাকে বুকে টেনে সান্তনা দেন।
এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে গতকালই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।



