নির্বাচনী মাঠে বিজিবি মারণাস্ত্র ব্যবহার করবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোন ধরনের লেথাল উয়েপন (মারণাস্ত্র) ব্যাবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। একই সঙ্গে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এছাড়াও কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

গতকাল শনিবার রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এক সংবাদ সন্মেলনে এসব জানান তিনি।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে দেশব্যাপী মোতায়েন রয়েছে।

তিনি বলেন, ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ৯ টি জেলা এবং ৪ টি সিটি কর্পোরেশনের মোট ৫১ টি আসনে সর্বমোট ১৩৪ প্লাটুন বিজিবি ৪২ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবেন। এছাড়াও, বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য বিজিবি’র বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের বিজিবি সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তথা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

মাঠ পর্যায়ে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যদেরকে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা যে কোনো পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে সক্ষম হয়। এছাড়াও নির্বাচনকালীন যে কোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র র‌্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে। প্রয়োজনে যে কোন মুহুর্তে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার জন্য স্বল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে বিজিবি সক্ষম।

ডিজিটাল ডিভাইসের ব্যাবহার ও দ্বায়িত্ব পালন সম্পর্কে জানিয়ে ঢাকা সেক্টর কমান্ডার বলেন, নির্বাচনে বিজিবি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি, আধুনিক সিগন্যাল ও যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করবে, যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন এবং সেক্টর সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে, যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

নির্বাচনে কোন ধরনের শঙ্কা দেখছেন কিনা জানতে চাইলে কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোন ধরনের শঙ্কা দেখছি না। আমাদের মহাপরিচালকের নির্দেশ, আমরা নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন ধরনের লেথাল উয়েপন (মারনাস্ত্র) ব্যবহার করবো না।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments