‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালু করা হবে : ভূমি মন্ত্রী

ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও অনিয়ম দূর করে জনগণের ভোগান্তি কমাতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহীর সাগরপাড়ার একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের কাজকে আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিভিন্ন ধাপে ধাপে ঘুরতে গিয়ে মানুষ যে ভোগান্তির শিকার হন, তা নিরসনে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সারা দেশের মানুষকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হবে না। যার জমি, যার সমস্যা- তিনি সরাসরি কেন্দ্রে এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে পাঁচ-ছয়টি ধাপ অতিক্রম করার প্রয়োজন পড়বে না এবং হয়রানির সুযোগও কমে আসবে।

মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় বিভিন্ন আইন ও বিধিমালার মাধ্যমে পরিচালিত হয়। সেই আলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এগুলো সময়োপযোগী করতে কিছু ক্ষেত্রে সংশোধন প্রয়োজন। প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

রাজশাহীর উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একদা রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তুলেছিলাম। আগামীতেও দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে রাজশাহীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’ নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবার প্রতিনিধিত্ব করেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন থাকবে না।

রাজশাহীর মানুষের প্রধান প্রত্যাশা কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্য সামনে রেখে তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ ও শিল্পায়ন জোরদার, নতুন বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments