পাকিস্তান ও আফগানিস্তানে পালটাপালটি হামলা, ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যা ও ৭৩ চৌকি ধ্বংসের দাবি

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের ‘পালটা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। তবে আফগান তালেবান বলেছে, সেগুলো ছিল আগের পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া।

ইসলামাবাদ সরকারের দাবি, হামলায় আফগানিস্তানের ২৭৪ তালেবান যোদ্ধা ও ৭৩ চৌকি ধ্বংস হয়েছে। আর তালেবান পাকিস্তানের ৫০ সেনা এবং সেনাঘাঁটিতে হামলার দাবি করেছে। দেশটি একটি সুইসাইড স্কোয়াড গঠন করেছে বলেও দাবি তালেবানের।

সরাসরি যুদ্ধ ঘোষণা

উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন। খাজা জানান, পাকিস্তান সরাসরি উপায়ে এবং বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে সরাসরি যুদ্ধ। পাকিস্তানের সামরিক অভিযানে গতকাল রাত পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এছাড়া ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

গতকাল ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব দাবি করেন। জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরো জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী, আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তিনি দাবি করেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কাবুলে থাকা এএফপি সংবাদদাতারা জানিয়েছে, ভোরের দিকে জোরালো বিস্ফোরণে শহর কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। তারা জানাচ্ছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে যুদ্ধবিমানের শব্দসহ বিস্ফোরণের শব্দ শহর জুড়ে শোনা যায়। এছাড়া কেন্দ্রীয় কাবুলে প্রায় ২টা ৩০ মিনিট পর্যন্ত দফায় দফায় গুলির শব্দ শোনা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাদের বাহিনীগুলো যে কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য সম্পূর্ণরূপে নস্যাৎ করতে সক্ষম। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার এক্সে তার বার্তায় বলেছেন, আফগান তালেবান অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা লক্ষ্য করে ছোট ড্রোন ব্যবহার করে হামলার চেষ্টা চালিয়েছিল, যা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে।

পাকিস্তানের সেনাঘাঁটিতে হামলার দাবি তালেবানের

ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে দাবি তালেবান সরকারের। এক্স হ্যান্ডেলে তালেবান সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাকিস্তানের নওশেরা, জামরুদ সামরিক উপনিবেশ এবং অ্যাবোটাবাদের সেনানিবাসেও বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান, কেন্দ্র এবং স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছে তালেবান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের তরফে কাবুল, কান্দাহার এবং পাকতিকায় পাকিস্তানি বিমান হামলার জবাবে আক্রমণ চালানো হয়েছে। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবিসিকে বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ১৯টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে এবং বেশকিছু পাকিস্তানি সৈন্যকে আটক করেছে। তিনি আরো দাবি করেন, এ হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই কাবুল, কান্দাহার ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের সবশেষ হামলার নিন্দা জানিয়ে এক্সে এক পোস্টে তিনি বলেন, আফগানরা পূর্ণ ঐক্যের মাধ্যমে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে। এদিকে আফগানিস্তানে একটি সুইসাইড স্কোয়াড গঠন করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

মধ্যস্থতার প্রস্তাব রাশিয়া চীন ও ইরানের

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, চীন তাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে সংঘাতের মধ্যস্থতার জন্য কাজ করছে।

দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা হ্রাস এবং উন্নতির জন্য গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত তারা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিবদমান দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে প্রস্তুত রাশিয়া। দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। গুতেরেস দুই দেশকে আন্তর্জাতিক আইন বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেন। উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, এই দুই ইসলামিক দেশের মধ্যে চলমান উত্তেজনা বা সরাসরি যুদ্ধ কারো স্বার্থের পক্ষেই ভালো নয়।

আখুন্দজাদা নিহতের গুঞ্জন

আকাশপথে ইসলামাবাদের চালানো হামলায় মৃত্যু হয়েছে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও কাবুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তানও এ নিয়ে কোনো দাবি করেনি।

২০১৬ সাল থেকে তালেবানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আখুন্দজাদা। হাতে গোনা কিছু সময়ে তাকে জনসমক্ষে দেখা গেছে। শোনা যায়, তালেবানের নিজস্ব নেটওয়ার্কেই তিনি সব নির্দেশিকা দিয়ে থাকেন। অবশ্য এই প্রথম নয়, অতীতেও আখুন্দজাদার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। -বিবিসি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments