জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোনাজাত শেষে তাঁরা দুজনে কুশলাদি বিনিময় করে কোলাকুলি করেন। এর মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন তারেক রহমান।

এর আগে ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর টানা তিন দশকের বেশি সময় ধরে নারীরা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতে কোনো পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেখা যায়নি।
এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০ সালের পর এই প্রথম কেউ এখানে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাহে নামাজে অংশ নেয়া সর্বস্তরের মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর জন্য হুড়োহুড়ি লেগে যায়। প্রধানমন্ত্রী সবার সাথে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদগাহে প্রধানমন্ত্রীর সাথে জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


