রাজধানীর মগবাজার মধুবাগে প্রেম ঘটিত কারনে ছুরিকাঘাতে রাব্বী (২৭) নামে এক স্কুল ছাত্র নিহত।
শুক্রবার ২০ মার্চ রাত আটটায় মধুবাগ মাদ্রাসার খেলার মাঠে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে রাব্বীকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর বন্ধু কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, রাব্বীর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামে। বাবার নাম মোঃ ফারুক হোসেন। বর্তমানে মগবাজার চেয়ারম্যান গলিতে পরিবারের সাথে থাকতো। রাব্বি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে রাব্বী ছিল বড়।
সিয়াম আরো জানান, একই এলাকার ফাহিম নামে একটি ছেলের সাথে এক মেয়ের প্রেম এর সম্পর্ক ছিল। বেশ কিছুদিন যাবৎ মনমানিল্যর কারনে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কয়েক দিন ধরে ওই মেয়ে রাব্বীর সাথে চলাফেরা শুরু করে। এ কারনে রাব্বীর সাথে ফাহিমের বিরোধ শুরু হয়।
শুক্রবার সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসার মাঠের সামনে রাব্বী ওই মেয়েকে নিয়ে ঘুরছিল। এসময় ফাহিম সহ কয়েকজন সেখানে গিয়ে রাব্বীর সাথে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে ফাহিম নিজে ছুরি দিয়ে রাব্বীর পেটে আঘাত করে। এতে রাব্বী মাটিতে লুটিয়ে পরে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান সন্ধ্যার দিকে মধুবাগ মাত্রাসা মাঠে প্রেম ঘটিত কারণে ফাহিম নামে এক ছাত্র রাব্বির পেটে ছুরিকাঘাত করে। এরপর রাব্বিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে গেলে মারা যায়।
ঘটনার পর সংবাদ পেয়ে ফাহিম সহ দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে।



