এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার। গত ২৪ মার্চ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
মাত্র চার দিনের ব্যবধানে গত শনিবার তার নিয়োগ বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিলের তথ্য গতকাল রবিবার জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ তারিখের প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগের আদেশটি এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, তিনি এলজিইডির প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে ছিলেন। পরে অবসরে যান। তাকে গত ২৪ মার্চ এক বছরের জন্য প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মহলে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ উঠার পর তার নিয়োগ বাতিল করলো সরকার।



