ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে নিহতরা নারী নাকি পুরুষ, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ভেতরে আরও কেউ আটকে আছেন কি না জানতে ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, এদিন দুপুর ১টা ১১ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণকক্ষ। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রধানমন্ত্রীর শোক :
কেরানীগঞ্জে গ্যাস লাইটার উৎপাদনকারী টিন-শেড কারখানায় অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানার অগ্নিকান্ডে নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করার পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।’
তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
শিবলী বলেন, ‘তারেক রহমান স্থানীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলার ডেপুটি কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের সঙ্গেও ঘটনাটি নিয়ে কথা বলেছেন।’
ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী ফোনালাপে পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।



