কালবৈশাখী প্রচন্ড ঝড়ে গাছ উপড়ে রেললাইনে পড়ায় নিদিষ্ট সময়ের আড়াই ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮টা ২৩ মিনিটে নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এ সময় ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং ট্রেন আটকা পড়ায় অনেকে ট্রেন ছেড়ে সড়ক পথে গন্তব্য স্থানে রওয়ানা দেন। ভোর থেকে ফায়ার সার্ভিস ও রেল কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় গাছগুলো সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জেলাশহর মাইজদীসহ জেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হয়। এতে করে সোনাপুর-হরিনারায়নপুর-মাইজদীকোর্ট- মাইজদী-চৌমুহনী স্টেশনের পথে একাধিক স্থানে রেললাইনের উপর বড় গাছ উপড়ে পড়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
নোয়াখালী রেলস্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, সকাল ৬টায় নোয়াখালীর সোনাপুর রেলস্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ যাত্রাশুরু করে। কিন্ত পথে রেললাইনের উপর গাছ পড়ে থাকায় ট্রেনটি আটকা পড়ে। রেললাইন থেকে গাছ সরানোর পর সকাল ৮টা ২৩ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


