রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে গত ৩ এপ্রিল যুবদল নেতা রাসেলকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় গতকাল মঙ্গলবার ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, সায়মন ও সোহেল ওরফে কাল্লু। তাদের কাছ থেকে একটি ‘ পেন গান’ উদ্ধার করা হয়েছে। এই পেন গান দিয়ে যুবদল নেতা রাসেলকে গুলি করা হয়েছিল।
ডিবি বলছে, বিশ্বের অন্যতম ক্ষুদ্রাকৃতির আগ্নেয়াস্ত্র পেন গান উদ্ধারের ঘটনা দেশে এটাই প্রথম। পেন গান নামের ক্ষুদ্র অস্ত্রটির উৎস খুঁজছেন গোয়েন্দারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন, ‘যুবদল নেতাকে গুলির ঘটনায় জড়িতরা সবাই তার ঘনিষ্ঠ হওয়ায় আসামিদের নাম-পরিচয় পেতে সমস্যা হয়নি। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেল ওরফে কাল্লু জানায়, এই ‘পেন গান’ ৮০ হাজার টাকায় একজনের কাছ থেকে কেনা হয়।
তিনি বলেন, পরে রাসেলের কাছে ২০ হাজার টাকা বেশি লাভে বিক্রি করতে চেয়েছিলেন সায়মন। ঘটনার দিন সোহেল ওরফে কাল্লু, সায়মন, রিপন দাস ও রাসেল একত্রে ইয়াবা সেবন করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। তখন ‘পেন গান’ দিয়ে রাসেলকে গুলি করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম আরো বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সায়মনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে সোহেল ওরফে কাল্লুকে গ্রেপ্তার করা হয়। কাল্লুর কাছ থেকে রাসেলকে গুলি করার সময় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাই অস্ত্রটি গতানুগতিক কোনো অস্ত্র নয়। এটি একটি বিশেষ ধরনের কলম সদৃশ বস্তু, যা ‘পেন গান’ নামে পরিচিত। এ কারণেই আমাদের আগ্রহ বেশি ছিল।
কারণ, এমন অস্ত্র অতীতে কখনো ব্যবহৃত হওয়ার রেকর্ড নেই বা এমন মামলা আমরা ডিএমপিতে পাইনি। তাই অস্ত্রটি কীভাবে দেশে এল, কে কে জড়িত সবকিছু উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে।


