নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও মৃত জামাল উদ্দিনের ছেলে।
রবিবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি মাইস্যা ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল।



