বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারে মতো স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বইমেলায় লেখক-পাঠক-দর্শনার্থীর প্রতিদিনের পদচারণা হবে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো।

উপাচার্য আরো বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অকাতরে জীবন বিলিয়ে দেয়া আবু সাঈদ শ্রেষ্ঠ বীর হিসেবে বিশ্বদরবারে আলোচিত নাম। তিনি আরও বলেন, বইমেলার মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস, সাহিত্য ও মুক্তচিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শহিদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান।
বই মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। চার দিনব্যাপী এই বইমেলা আগামী ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চালু থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।


