রংপুরে স্ট্রিট বইমেলা

রংপুরে  আইডিয়া প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী ‘স্ট্রিট বইমেলা’। শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর প্রধান ফটকের সামনে বইমেলার দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বইপড়া আন্দোলন ও লেখক পাঠক আড্ডাকে কেন্দ্র করে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, দ্বিতীয় দিনের মেলায় বিকেল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত পাঁচ শতাধিক পাঠক বই দেখেছেন, পড়েছেন এবং বই কিনেছেন। পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় কবিতা পাঠ ও লেখক-পাঠক আড্ডা।

আড্ডায় অংশ নেন রংপুরের বরেণ্য কবি আহমেদ মওদুদ, কবি ও গীতিকার আব্দুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবি ফাত্তাহান আলী, আবৃত্তিকার জামিউল রাব্বি ও মোহাম্মদ রমজান সহ অন্যন্যরা।

কবি আহমেদ মওদুদ বলেন,“পাঠকের হাতের নাগালে বই পৌঁছে দেওয়ার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে পাঠক ও লেখকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এখানে প্রচুর পাঠকের উপস্থিতি দেখেছি। তারা বই পড়ছেন, বই দেখছেন যা নতুন পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কবি ও গীতিকার আব্দুর রশিদ বলেন, “রংপুরে বইপড়া আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে আইডিয়া প্রকাশন। যেমন জীবনের জন্য পানি অপরিহার্য, তেমনি মানুষের হৃদয়ে মানবিক চেতনা গড়ে তুলতে বই অপরিহার্য। এই আয়োজন সফল হোক, পাঠক ফিরে পাক মানবিক মূল্যবোধ।”

কারমাইকেল কলেজ-এর পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহিদুল বলেন, “বিকেলে ঘুরতে এসে হঠাৎ স্ট্রিট বইমেলা চোখে পড়ে। সামনে গিয়ে দেখি ভির করে কিছু মানুষ বই পড়ছন, অনেক লেখকের বিভিন্ন ধরনের বই। বুঝতে পারলাম, শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার জন্য এই আয়োজন করা হয়েছে। বিষয়টি
আমার খুব ভালো লেগেছে।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের গেটে এসে বই পড়া আন্দোলনের ব্যানার দেখে বইগুলো দেখতে শুরু করি। সেখানে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া, কথাসাহিত্যিক নূরুননবী শান্তের লেখা গল্পের বই খিদমাতুল মউত, কথাসাহিত্যিক রফিকুর রশিদের খোঁয়ারি জীবনের দায়দেনাসহ বিভিন্ন লেখকের নতুন বই দেখলাম। আমি বই কিনেছি। এই ধরনের বই পড়া আন্দোলন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।”

মেলার আয়োজক আইডিয়া প্রকাশনের প্রকাশক কবি সাকিল মাসুদ বলেন, “আমরা মূলত বইপাঠ ও লেখক-পাঠক আড্ডার উদ্দেশ্যে এই স্ট্রিট বইমেলার আয়োজন করেছি।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রতি শুক্রবার নানা শ্রেণীর মানুষের আড্ডা ও জমায়েত হয়। আমরা চাই সেই আড্ডার বিষয়বস্তুু হোক বই। দ্বিতীয় দিনের মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। শত- শত পাঠক বই দেখেছেন, পছেছেন ও কিনেছেন।

এর মাধ্যমে সমকালীন সাহিত্য সম্পর্কে পাঠকরা সহজে জানার সুযোগ পাচ্ছেন এবং নতুন পাঠাভ্যাস গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। বইমেলাটি পরিচালনার দায়িত্ব পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবি ফাত্তাহান আলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments