রাজধানীর মতিঝিলে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। মামলায় তাকে আসামি করা হচ্ছে।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, আসলে কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা পাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাবো বলে আমরা আশাবাদী। এ নিয়ে কাজ করছে তদন্ত সংস্থা।
তিনি বলেন, শাপলা চত্বরে ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডটি গোটা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। সেহেতু মানবতাবিরোধী অপরাধের এ মামলায় যাদেরই সম্পৃক্ততা মিলবে, আমরা তাদেরই আইনের আওতায় আনবো। তিনি সিভিলিয়ান কিংবা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হোক। আমরা প্রত্যেককেই বিচারের আওতায় নিয়ে আসবো।
প্রসঙ্গত: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। মামলায় রাজস্বাক্ষী হন চৌধুরী মামুন।
প্রসঙ্গত: প্রায় এক যুগ আগে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ বানচালের লক্ষ্যে হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই হামলায় হেফাজতে ইসলামের অনেক কর্মী নিহত হন। আহত হন অনেকে। যাকে গণহত্যার সঙ্গে তুলনা করেন হেফাজতে ইসলাম। ইতিমধ্যে এই মামলায় শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনাসহ অর্ধশতের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর এই অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলামের নেতারা।
অভিযোগে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে ওই হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এই গণহত্যা পৃথিবীর ইতিহাসে নতুন কারাবালার সৃষ্টি করেছে।
মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল।



