যশোরের শার্শায় শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে খালটি পরিদশন করেন।

আগামি ২৭ এপ্রিল এই খাল খননসহ যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে খালটির উন্নয়ন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার।
এসব খাল খননে কোনো ব্যক্তি বা কোনো দল লাভবান হবে না। খাল খননের মাধ্যমে স্থানীয় পানির সমস্যা সমাধান হবে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করেছে। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগের পাশাপাশি আর কোনো দল বা ব্যক্তি দখল করতে না পারে সেই উদ্যোগও নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী প্রমুখ।
স্থানীয় বিএনপি ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি শুরু করেন।
তিনি ১৯৭৬ সালের ১ নভেম্বর দেশে প্রথমবারের মতো যশোরের শার্শার উলাশী থেকে যদুনাথপুর পর্যন্ত চার কিলোমিটার বিস্তৃত খাল খনন করেন। নিজ হাতে কোদাল তুলে নিয়ে মাটি কেটে কাজের উদ্বোধন করেন তিনি। এই উলাশী খাল খনন ছিল সে সময়কার একটি পাইলট প্রকল্প।
স্থানীয়রা একে শ্রদ্ধাভরে ‘জিয়া খাল’ নামে ডাকেন। জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দলে দলে স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেন সাধারণ মানুষ। ৬ মাসে খাল খনন সফল হয়। ৬ মাস পর ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
উলাসী-যদুনাথপুর খাল খনন কর্মসূচি সফল হওয়ায় বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে জিয়াউর রহমান ১৯৭৭ সালে সারা দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি শুরু করেন। এই উদ্যোগ পরে ‘জিয়া মডেল’ নামে পরিচিতি লাভ করে, যা গ্রামীণ উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ হিসাবে বিবেচিত হয়।
দীর্ঘ ৫০ বছরে উলাসী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। সেই খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধনে আগামি ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের সঙ্গে যশোরের ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন করবেন।
এছাড়া এদিন বিকালে শহরের ঈদগা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিএনপি।



