রংপুরে অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতারসহ অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার কুমিল্লা জেলার লালমাই উপজেলার অশোকতলা এলাকায় কুমিল্লা ও রংপুর র্যাব যৌথ অভিযান চালিয়ে অপহরণকারী তৌকির রহমানকে (১৯) গ্রেফতার করে।
তৌকির রংপুর নগরীর পূর্ব বোতলাপাড়া গ্রামের রাহেল মিয়ার ছেলে। বুধবার (২২ এপ্রিল) সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য জানান।
তিনি জানান, রংপুর নগরীর বাসিন্দা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় তৌকির দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল। বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর পরিবার তৌকিরকে সতর্ক করলে সে ক্ষুব্ধ হয়ে অপহরণের হুমকি দেয়।
এরই ধারাবাহিকতায় পহেলা এপ্রিল স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে তৌকির। এ ঘটনায় ওই ছাত্রীকে উদ্ধারে একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। ১০ এপ্রিল ওই ছাত্রীর বাবা থানায় মামলা করলে ওই ছাত্রীকে নিয়ে আত্মগোপনে চলে যায় তৌকির। মামলার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তৌকিরকে গ্রেফতারসহ অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অপহৃত ও অপহরণকারীকে থানায় হস্তান্তর করেছে র্যাব ।


