‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ -এই প্রতিপাদ্যে রংপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (১লা মে) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলাপ্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মোতালেব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক মোছা: রোকসানা বেগম।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, শ্রমিকেরাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামোগত প্রতিটি উন্নয়নের পেছনে মেহনতি মানুষের অক্লান্ত শ্রম ও ঘাম জড়িয়ে আছে। আজকের দিনটি শুধু মে দিবস নয়, এটি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও বটে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, কাজ করার সময় অবশ্যই নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখলে, আমাদের দেশ আরো দ্রুত উন্নতির শিখরে পৌঁছাবে। সহানুভূতিশীল মনোভাব নিয়ে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও বাস্তবায়ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী বলেন, নগরায়নের মূল চালিকাশক্তি ও সভ্যতার প্রকৃত রূপকার হলেন আমাদের শ্রমিক ভাইয়েরা। পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে পরিবহণ, নির্মাণ ও কল-কারখানা সকল খাতের শ্রমিকদের কঠোর পরিশ্রমেই আজকের আধুনিক শহর ও সভ্যতা গড়ে উঠেছে।
১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ কর্মঘণ্টার দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের প্রতিটি ন্যায্য দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ। রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে থেকে তিনি সকলকে মে দিবসের শুভেচ্ছা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ মাসুদ রানা, জেলা শ্রমিকদলের সদস্য সচিব মো: শামিম, মটর শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী প্রমুখ
আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।



