রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বিমানবন্দর থানাধীন আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ঘটনার পর তদন্তে নেমে পুলিশ শুক্রবার (১ মে) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। প্রথমে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে খিলক্ষেত এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান (৫৮)কে গ্রেফতার করা হয়। পরে রাত ৪টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাদিম সরকার (৫৩)কে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃত নাদিম সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া অভিযুক্তরা মানি এক্সচেঞ্জের মাধ্যমে ৯০ হাজার টাকায় কিছু অর্থ ভাঙিয়ে নেয়, সেই টাকাও উদ্ধার করেছে পুলিশ।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



