বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে সচিব মর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।
এদিকে বুধবার (৬ মে) বিএমডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিন কৃষিমন্ত্রী এবং সচিবের উপস্থিতিতে যোগদান করেছেন। এসময় তিনি বিএমডিএ’র চেয়ারম্যান হিসেবে উত্তরাঞ্চলে কৃষির উন্নয়নে আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিএমডিএর কার্যক্রম বিস্তৃত। কৃষিজমিতে সেচ প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়ক নির্মাণ ও সবুজায়নসহ নানাবিধ কাজ করে বিএমডিএ। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনায়।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন বলে জানা গেছে।



