অসহায় কৃষক পরিবারের পাশে আনসার-ভিডিপি

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাশ্রমে পাট কাটা ও ধানের চারা রোপণ

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এসেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কৃষক পরিবারের জমির পাট কেটে ঘরে তুলে দেওয়ার পাশাপাশি নতুন ধানের চারা রোপণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, ওই গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি কর্মক্ষমতা হারান। এতে মাঠে থাকা পরিপক্ক পাটসহ অন্যান্য ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয় এবং পরিবারটি তীব্র আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়ে।

বিষয়টি জানতে পেরে রহিমানপুর ইউনিয়নের ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্যরা জেলা কমান্ড্যান্টকে অবহিত করেন। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ভিডিপি দলনেত্রী মোছা. দিলরুবার নেতৃত্বে আনসার ও ভিডিপির একদল সদস্য কৃষক পরিবারের জমিতে গিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিপক্ক পাট কেটে ঘরে তুলে দেন। একই সঙ্গে কয়েকটি জমিতে নতুন ধানের চারা রোপণ করেন।

আনসার ও ভিডিপির এ মানবিক উদ্যোগে কৃষক পরিবারটি নতুন করে আশার আলো দেখেছে। বন্ধ হয়ে যাওয়া কৃষিকাজও আবার সচল হয়েছে। পরিবারের সদস্যরা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারাও বিপদের সময় অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, জননিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করছে।

বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি মানবিক ও দায়িত্বশীল বাহিনী গড়ে তোলার লক্ষ্যে মাঠপর্যায়ের সদস্যরা নিয়মিত সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments