গুজবের ভিড়ে সত্য আজ অনেক সময় ঢাকা পড়ে যায়-শাবি ভিসি 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যখন তাদের দায়িত্ব পালন করে, তখন গণমাধ্যমই সেই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। 

একজন সাংবাদিকের কলম যখন নির্মোহভাবে সত্য প্রকাশ করে, তখন তা শত কামানের গোলার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আমরা এখন তথ্যের অবাধ প্রবাহের যুগে বাস করছি। সোশ্যাল মিডিয়ার এই সময়ে তথ্যের উত্স দ্রুত বাড়লেও ‘সঠিক তথ্য’ বা ‘ফ্যাক্ট চেকিং’ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুজবের ভিড়ে সত্য আজ অনেক সময় ঢাকা পড়ে যায়। পেশাদার সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে পারেন। 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এবারের প্রতিপাদ্য হলো “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”এ শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে  ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা বলেন,সাংবাদিকরা সমাজের শত্রু নয়, বরং দর্পণ। আমরা যদি স্বাধীনভাবে এবং কোনো ভীতি ছাড়াই কাজ করতে পারি, তবেই সমাজ ও রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হবে। বিগত সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমি আশা করি, প্রশাসন ও নীতিনির্ধারক মহল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে আরও আন্তরিক হবেন।

ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর এর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সালিম মো. আব্দুল কাদির, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সদস্য সেলিম আউয়াল।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায অনুষ্ঠানে শাবি উপাচার্য আরো বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের গর্ব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিলেটের সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই, কারণ তা আমাদের ভুল সংশোধন করে এগিয়ে যেতে সাহায্য করে। সাংবাদিকতা পড়াশোনা বাদ দিয়ে নয়। ভালোভাবে পড়াশোনা করতে হবে তারপরে সাংবাদিকতা। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা বলে দিয়েছি। তাদের প্রত্যেকেরই পয়েন্ট ৩ এর উপরে। সুতরাং ভালো অবস্থানে আছে। 

তিনি বলেন, কোনোভাবে কোনো সাংবাদিককে যাতে ক্ষতিগ্রস্ত না করা হয়। নিউজ কখনো পক্ষে আবার কখনো বিপক্ষে যাবে। মতের অমিল থাকতেই পারে। তাই বলে কারো ক্ষতি করা যাবে না। মুক্ত গণমাধ্যম দিবসে আশা করি গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে, গণমাধ্যম মুক্ত থাকতে পারবে বলে আমরা আশাবাদী। 

সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ  মুহিবুর রহমান, নির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, একে কাওছার, শফিক আহমদ শফি, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার মো. নাবিল, লবীব আহমদ, মো. তাজুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments