রংপুরে আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন সাগরকে (৩৩) গ্রেফতার করা হয়েছে ।বুধবার রাত সাড়ে ৮টায় গাজীপুর নগরীর কোনাবাড়ী রুপজান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাগর রংপুর পীরগাছা উপজেলার সুন্দর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
শুক্রবার (৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, পীরগাছা সুন্দর এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন সাগর। ওই কোচিং সেন্টারে পড়াশোনা করতো ৯ বছর বয়সী এক কন্যা শিশু। রমজান মাসে সাগরের স্ত্রী বাবার বাড়িতে গেলে ওই কন্যা শিশুকে কু-প্রস্তাব দেয় এবং ৫ রমজান একটি ঘরে আটকিয়ে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সাগর।
গত ১৯ এপ্রিল কোচিং সেন্টার থেকে শিক্ষার্থীরা চলে গেলে ওই কন্যা শিশুকে কোচিং সেন্টারে ঝাড়ু দেয়ার কথা বলে আটকে রাখে সাগর। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ওই শিশুটি চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ছুটে কোচিং সেন্টারে আসলে সাগর পালিয়ে যায়।
এ ঘটনায় ২২ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করলে গাঢাকা দেয় সাগর। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গাজীপুর থেকে আসামী দেলোয়ার হোসেন সাগরকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব শিশু ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করে যাচ্ছে।



