“নীরবতা ভাঙুন, ছেলে শিশুদের সুরক্ষা দিন এবং পরিবারকে শক্তিশালী করুন” প্রতিপাদ্যে রাজশাহীতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) নগরীর সাহেববাজার এলাকার হোটেল ওয়ারিশানে ‘ফ্যামিলি ফর এভরি চাইল্ডে’র সহাযোগিতায় এসোসিয়েশন ফর কম্যুউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ এই সংলাপ আয়োজন করে।
সংলাপে ছেলে শিশুদের প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ, পরিবার ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং গণমাধ্যমের
দায়িত্বশীল ভ‚মিকার মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ। আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ, বাসসের স্পেশাল করসপন্ডেন্ট ড. আইনাল হক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান কাজী শাহেদ-উল হক প্রমূখ। সংলাপ সঞ্চালনায় ছিলেন এসিডি’র প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল।
বক্তারা বলেন, ছেলে শিশুরাও যৌন সহিংসতার শিকার হয়, কিন্তু সামাজিক কলঙ্ক, নীরবতা এবং ক্ষতিকর জেন্ডার ধারণার কারণে অনেকেই সহায়তা চাইতে পারে না। তাই শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও জেন্ডার-সংবেদনশীল করা, নিরাপদ অভিযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবার ও সমাজে খোলামেলা আলোচনা বাড়ানোর ওপরগুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, গণমাধ্যম সচেতনতা বৃদ্ধি, নেতিবাচক সামাজিক ধারণা পরিবর্তন এবং সারভাইভার সংবেদনশীল সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। শিশু সুরক্ষায় সরকার, গণমাধ্যম, নাগরিক সমাজ ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ জোরদারের আহবান জানানো হয়। সংলাপে শিশুদের জন্য নিরাপদ ও
অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা ও প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।



